রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যকে (ভিসি) অপদস্ত করার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভিসির নিজ বিভাগ সমাজবিজ্ঞান থেকে ঘোষণা করা দু’দিনের ক্লাস বর্জন কর্মসূচির অংশ হিসেবে বুধবার সব বিভাগের কার্যক্রম বন্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির ডাকা হরতালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ক্লাস-পরীক্ষা অব্যাহত থাকলেও সমাজবিজ্ঞান বিভাগ সব ধরনের ক্লাস নেয়া থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। তবে তারা কয়েকটি বর্ষে পরীক্ষা অব্যাহত রেখেছেন।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিভাবকসহ আমাদের কয়েকজন সহকর্মীকে বহিরাগত আওয়ামী নেতারা যেভাবে লাঞ্ছিত করেছে তা অত্যন্ত লজ্জার। তাই দোষীদের বিচার দাবিতে আমরা ঘোষিত কর্মসূচি হিসাবে বুধ ও বৃহস্পতিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি। তবে বিভাগে পরীক্ষা ও একাডেমিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী রাবি উপাচার্যকে তার কার্যালয়ে ঢুকে শাসান। পরদিন ১৬ এপ্রিল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভাগ ও ছাত্র সংগঠনগুলো মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অন্যদিকে উপাচার্যকে জামাত-শিবিরের তোষণকারী আখ্যা দিয়ে এ ঘটনার জন্য উপাচার্যকেই দায়ী করে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতারা।
এদিকে উপাচার্যকে অপদস্ত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিল। মঙ্গলবার দুপুর বিশ্ববিদ্যালয়ের জন-সংযোগ দপ্তর থেকে পাঠানো এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ৫২ বিভাগের চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত চেয়ারম্যান কাউন্সিল এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাষ্ট্রপতি ও রাবি আচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন।

