নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২৬৪টি শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী ২৯ এপ্রিল। আর এ ভর্তি প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সব ইউনিটের শূন্য আসনগুলোর তালিকা ইউনিট অফিস ও বিভাগের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী ২৬ এপ্রিল প্রকাশ করা হবে।
শূন্য আসনে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে আগামী ২৯ ও ৩০ এপ্রিল।
এরপরও যদি আসন শূন্য থাকে তাহলে আগামী ৩০ এপ্রিল বেলা ২টায় সংশ্লিষ্ট ইউনিট অফিস ও বিভাগে উপস্থিত আবেদনকারীদের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

