নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের বিএ সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই এবং বেগম আনিসা হাই ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আকতার কামাল, এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ট্রাস্ট ফান্ডের দাতা মুহাম্মদ ইশতিয়াক হাসান ও অধ্যাপক ড. মনিরুজ্জামান বক্তব্য দেন। এসময় প্রয়াত অধ্যাপক আব্দুল হাই- পরিবারের সদস্য ও স্বজনরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক মূল্যবোধে জাগ্রত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘মাতৃভাষার উৎকর্ষ সাধনের লক্ষ্যে শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্যের ওপর গবেষণা অব্যাহত রাখতে হবে। উপাচার্য দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রয়াত অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাইয়ের অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রয়াত এই অধ্যাপকের আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সাংস্কৃতিক-ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করবে বলে আশা করছি।’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রাফাত আলম মিশু, সানজিদা মাসুদ, উন্মেষ রায়, মো. জাবেদ ইকবাল, মো. বাকী বিল্লাহ এবং নাসরীন সুলতানা।

