বিনোদন ডেস্ক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহম্মেদ দ্বীপ বাস্তব অভিজ্ঞতার আলোকে ‘ওই দূর পরবাসে’শীর্ষক একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন। ইউরোপের ৬টি দেশে নাটকটির চিত্রধারণ করা হবে। ইতিমধ্যে এই নির্মাতা পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য-সাহিত্য নিয়ে ‘পথে পথে প্রবাসে’ শীর্ষক একটি তথ্যচিত্র পরিচালনা ও উপস্থাপনা করেছেন।
নাটক নির্মাণ প্রসঙ্গে ফয়সাল আহম্মেদ দ্বীপ বলেন, ‘শিগগিরই ইউরোপের ৬টি দেশে অর্থ্যাৎ প্যারিস, ইতালি, বেলজিয়াম, স্প্যান, সুইজারল্যান্ড,পর্তূগালের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির চিত্রধারণের কাজ শুরু হবে। এ মূহুর্তে অভিনেতা-অভিনেত্রীর চূড়ান্ত করার কাজ চলছে।’
ফয়সাল আহম্মেদ দ্বীপ অনেকদিন থেকেই গণমাধ্যমের পাশাপাশি নানা ধরণের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমানে তিনি লন্ডনভিত্তিক ইউএনএন টিভির বিশেষ প্রতিনিধি, ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের জন্য পাক্ষিক ইউরোপের কথা ও ইউরোপের কথাডটকমের সম্পাদক এবং ইউরোপের কথা ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা সম্পাদক।

