পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈশাখ উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে শোভাযাত্রা, আবির ছড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, বিভিন্ন খেলাধুলা, সন্ধ্যায় ফানুস উড়ানো আর বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. হামিদুর রহমান, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ, সম্মিলিত ছাত্রঐক্য পরিষদের আহ্বায়ক শাওন কুমার বাইন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, ছাত্রনেতা সাজিদ খান তাজিন, কেএম মেহেদি হাসান, অনিক খন্দকার, মুহাইমিনুল মুনান, রহমতউল্লাহ রিফাতসহ কৃষি অনুষদের সকল শিক্ষক-শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই অনুষদ ৭ম সেমিস্টারের ছাত্র ও অনুষ্ঠান কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমানের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. হামিদুর রহমান।
এছাড়াও বৈশাখ উপলক্ষে আবির ছড়ানো, ঘুড়ি প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, বৈশাখী মেলা, ফানুস উড়ানোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঞ্চস্থ হবে পবিপ্রবির শিক্ষার্থীদের অভিনিত বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা’।

