পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক পদে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ পাদদেশে আয়োজিত গণসমাবেশ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গণসমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আনিসুজ্জামান আনিস সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাহরিয়ার মিল্টন উপস্থাপনায় বক্তব্য দেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ, সাকিব সামি, শিক্ষার্থী আরিফুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফিশারিজ অনুষদের মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম ও ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানের অবৈধ নিয়োগ বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন বলেন, ‘সবকিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসনের তালবাহানা পরিষ্কার। শিবিরের কোষাগারে নিয়মিত চাঁদা দেওয়া, ক্যাম্পাসের চিহ্নিত শিবির ক্যাডার আমিনুল ইসলাম ও মাহফুজুর রহমানের অবৈধ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে ছাত্রলীগ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে’।
ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ বানোয়াট। আমি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নই।’

