স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে একের পর এক ইনজুরির ধাক্কায় বেসামাল হয়ে পড়ছে পাকিস্তান দল। তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়লেন ইয়াসির শাহ।
বুধবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান এই তরুণ স্পিনার। ইনজুরির কারণে হাতের কব্জিতে তিনটি সেলাই করতে হয়েছে ইয়াসিরের। ফলে আসন্ন বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলা হবে না তার।
ইয়াসিরের আগে ইনজুরির কারণে শোয়েব মাকসুদ ও সোহাইল খানও ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন।
পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘ইয়াসির প্রস্তুতি ম্যাচে আজ (বুধবার) হাতে ব্যথা পাওয়ায় তিনটি সেলাই করতে হয়েছে। ওয়ানডে সিরিজে তার আর খেলা হেব না। আমরা শিগগিরই তার বিকল্প ঘোষণা করবো।’
প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ইয়াসির শাহর। তবে দলে কখনও নিয়মিত ছিলেন না তিনি। প্রায় চার বছর পর সস্য সমাপ্ত বিশ্বকাপ দলে জায়গা পেলেও মাত্র একটি ম্যাচে একাদশে জায়গা পান।

