স্পোর্টস ডেস্ক: প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ইনিংসের মাঝপথে বিসিবি একাদশের স্পিনের মুখে পড়ে খেই হারিয়ে ফেলে সফরকারী দলটি। যদিও শেষ মুহুর্তে ফাওয়াদ আলমের ‘ঝড়ো ও দায়িত্বশীল’ ইনিংসের কল্যাণে বিসিবি একাদশকে ২৬৯ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছে সফরকারীরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মোহাম্মদ হাফিজ ও ফাওয়াদ আলমের জোড়া ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আজহার আলীকে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন মোহাম্মদ হাফিজ। মুক্তার আলীর বলে আজহার আলী ২৭ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে হারিস সোহেলকে নিয়ে ৬৪ রান তোলে ৩০০ প্লাস রানের সম্ভাবনা জাগিয়ে তোলে সফরকারী পাকিস্তান।
কিন্তু এরপর শুভাগত, তাইজুল ও জুবায়েরের ত্রিমুখী আক্রমণে পড়ে দ্রুত ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ১৩০ থেকে ১৮৫- এই ৫৫ রানের মধ্যে ৬ উইকেট হারিযে বেশ চাপে পড়ে যায় সফরকারীরা।
শেষদিকে ফাওয়াদ আলমের হার না মানা ৫৮ বলে ৬৭ রানের ইনিংসের সুবাদে২৬৮ রানের সম্মানজক স্কোর গড়ে তোলে পাকিস্তান। ফাওয়াদ নবম উইকেট জুটিতে ইয়াসির শাহকে নিয়ে ২৫ ও দশম উইকেট জুটিতে আজমলকে নিয়ে ৪০ রানের ‘ঝড়ো’ জুটি গড়েন। ফলে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আজহার আলীর দল।
বিসিবি একাদশের হয়ে শুভাগত হোম ৩৯ রানে ৩টি উইকেট পান।এছাড়া ১টি করে উইকেট পান তাইজুল, জুবায়ের, মুক্তার, শহিদ, ও সোহাগ গাজী।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নাসির হোসেনের নেতৃত্ব দেয়ার কথা থাকলেও তামিম ইকবালকে একাদশে জায়গা দেয়ার জন্য খেলেননি তিনি। নাসিরের অনুপস্থিতে মুমিনুল হক সৌরভ বিসিবি একাদশকে নেতৃত্ব দেন।

