স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তরুণ উদীয়মান লেগ-স্পিনার রাজা হাসান মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।
করাচিতে একটি ঘরোয়া লিগে পাঞ্জাব বাদশাহ’র হয়ে খেলার সময় রাজা হাসানের নমুনা সংগ্রহ করে ওয়ার্ল্ড এন্টি ডোপিং কমিটি’র (ডব্লিউএডিএ) অনুমোদিত ভারতের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানকার পরীক্ষায় পজিটিভ হন এই লেগ স্পিনার।
২২ বছর বয়সী এই লেগ স্পিনার পাকিস্তানের হয়ে ১টি ওয়ানডে ও ১০টি টি-২০ ম্যাচ খেলেন।
রাজা হাসানকে মাদক (কোকেইন) ব্যবহারের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে আইনজীবী নিযুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড’র (পিসিবি) পক্ষ থেকে।
পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘নমুনা ‘বি’ এর ফলাফল এখনও পাওয়া যায়নি। তবে নমুনা ‘এ’ তে রাজা হাসান পজিটিভ হয়েছেন। ফলে তার কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
ঐ কর্মকর্তা আরও জানান, ‘মাদক গ্রহণের ব্যাপারটিকে পিসিবি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। কেননা, এই প্রথম কোনো খেলোয়াড় কোকেইন ব্যবহারের কারণে পজিটিভ হয়েছে। তদন্ত কমিটির কাছে যদি সে (রাজা হাসান) সন্তোষজনক জবাব ও ব্যাখ্যা না দিতে পারে তবে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে।’
প্রসঙ্গত, মাদক ব্যবহারের দায়ে রাজা হাসানই প্রথম অভিযুক্ত হননি। এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড় মাদক/নিষিদ্ধ বস্তু ব্যবহারের কারণে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছেন। পাকিস্তানের পেসার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ নিষিদ্ধ বস্তু সেবনের/গ্রহণের কারণে পজিটিভ হয়ে ২০০৭ বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন। এছাড়া মাদক গ্রহণের কারণে ২০০৩ সালে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন অস্ট্রেলিয়ান স্পিন জাদুকর শেন ওয়ার্ন। ফলে সে বছরের বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

