নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো পুরান ঢাকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। জবির চারুকলার বিভাগের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২২ এর জাঁকজমকপূর্ণ মঙ্গল শোভযাত্রা বের হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্যদিয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এর উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শোভাযাত্রাটি পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী সংগঠনসহ ত্রিশটিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে। শোভাযাত্রায় চারুকলার শিক্ষার্থীদের তৈরি করা হাতি, ঘোড়া, পাখি, মুখোশ ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হয়।
এরপর বেলা ১১টায় শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং পুরান ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। বিকেলে পাওয়ার ভয়েস ব্যান্ডদলের কনসার্ট এবং নড়াইলের বিখ্যাত অষ্টক গানের পরিবেশনা সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

