বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে উপহার হিসেবে একটি মাইক্রোবাস হস্তান্তর করেছে এবং ব্যাংকের কালেকশন বুথ ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মোশাররফ হোসেন , উপাধ্যক্ষ ডাঃ মোহাম্মদ মাহমুদ আলম ও ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোঃ মেজবাহুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে পূবালী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। হাসপাতালের প্রয়োজনীয়তায় মাইক্রোবাস প্রদান এবং কালেকশন ও ইলেকট্রনিক বুথ স্থাপনের মাধ্যমে রোগী ও সাধারণ মানুষের সেবায় আরও গতি আসবে। ভবিষ্যতেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আমি আশা করি। বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় মানুষের কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও সাধারণ মানুষের সেবার কথা বিবেচনা করে মাইক্রোবাস প্রদান এবং কালেকশন ও ইলেকট্রনিক বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি, এসব সহযোগিতা হাসপাতালের সেবাকার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে সহায়ক হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

