জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় সংসদীয় কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান এবং তিন বছরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাউন্ড সিস্টেম প্রকল্পের মনিটরের আকার কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা (পিআইপি) তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপ-কমিটিতে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ। তারা প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবেন। সভায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেমসহ কমিটির সদস্য এবং সংসদ সচিবালয় ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

