ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারী গ্রেপ্তার, জামিন নামঞ্জুর

Link Copied!

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ঘুষের টাকাসহ গ্রেপ্তার পাহাড়তলী সাবরেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশ। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে পাহাড়তলীর সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয় একই আদালতে। আদালত আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখেছেন। ২২ সেপ্টেম্বর এক আইনজীবীর দেওয়া অভিযোগ পেয়ে পাহাড়তলী সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালায় দুদক। আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়। পরে ওই আইনজীবী দুদকের ‘হটলাইন ১০৬’ নম্বরে অভিযোগ করেন। এ সময় ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে গত বৃহস্পতিবার ফারুক ইসলাম ও রূপণ দাশকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাবরেজিস্ট্রারের নির্দেশেই তাঁরা ঘুষ নিয়েছেন।
আদালতে গ্রেপ্তার দুজন বললেন, ‘সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নিয়েছি’
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রার কার্যালয়ের দুজন কর্মচারীর জামিনের আবেদন করা হয়। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এ ছাড়া ঘুষের টাকাসহ গ্রেপ্তার আবদুস সোবহানের জামিন ও রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামীকাল শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।