এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে এবারই প্রথম অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়েই পুরুষ দ্বৈত বিভাগে দারুণ এক জয়ে শেষ ষোলো নিশ্চিত করছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন বাংলাদেশের দুই শাটলার। প্রথম গেমে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। ২১-৮ ব্যবধানে গেমটি জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন তারা। ফলে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে উঠেছে বাংলাদেশের গৌরব-আয়মান জুটি।

