দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০। শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের। এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে।

