ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিক ব্যাংকের ৩৭তম এজিএম

Link Copied!

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় নাজমা মোবারেক বলেছেন, বেসিক ব্যাংকের পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং লোকসান কমে আসছে। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে লোকসানের পরিমাণ আরও কমিয়ে আনতে হবে। একই সঙ্গে ব্যাংকের আমানত বাড়ছে, যা গ্রাহকদের আস্থা বাড়ার ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, সরকারি ব্যাংকের আমানতের বিষয়ে সরকারের দায়িত্ব নেওয়ার বিষয়টি গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছে। এর ফলে ব্যাংকের ঋণ-আমানত অনুপাত কমে এসেছে এবং ঋণ বিতরণের সক্ষমতা বেড়েছে। তবে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি। নাজমা মোবারেক আরও বলেছেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা দক্ষ এবং ব্যাংকটির মানবসম্পদের মানও ভালো। বিভিন্ন সময়ে মহাব্যবস্থাপক (জিএম) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির ভাইভা বোর্ডে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি এ বিষয়ে আশাবাদী। তাঁর ভাষ্য, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিস্থিতির উন্নতিতে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেছেন, খেলাপি ঋণ আদায়ই ব্যাংকের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম জোরদার এবং আইনি প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পরিপালন এবং কর্মক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ব্যাংকের কার্যক্রমে সহযোগিতার জন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন বলেছেন, বেসিক ব্যাংকের সুনাম বাড়ছে এবং ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মো. মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত ব্যাংকার এস. এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান অ্যান্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।