এসিআই প্রপার্টিজ লিমিটেডের গ্রাহকদের আবাসন অর্থায়ন সহজ করতে এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব হয়েছে। এ অংশীদারত্বের আওতায় যোগ্য গ্রাহকেরা বাড়ি কেনার পাশাপাশি দীর্ঘমেয়াদি আবাসনের জন্যও বিশেষ অর্থায়ন সুবিধা পাবেন। এ বিষয়ে সম্প্রতি ঢাকার এসিআই গ্লোবাল অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন এবং এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, এসিআই প্রপার্টিজের সেরেনো লেভান্দের প্রপার্টি সেবার সঙ্গে এনআরবি ব্যাংকের বিশেষ অর্থায়ন সুবিধা যুক্ত হবে। যোগ্য গ্রাহকেরা এনআরবি ব্যাংকের ‘মাই হোম লোন’ নিতে পারবেন। এ ঋণের সুদের হার ব্যাংকের প্রচলিত হোম লোনের সুদের হারের চেয়ে অন্তত ১ শতাংশ কম হবে। এ ছাড়া ঋণ প্রক্রিয়াকরণ ফি পুরোপুরি মওকুফ করা হবে। প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ঋণের আবেদন জমা দেওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। ঋণ অনুমোদনের পর নিয়মিত কিস্তি শুরু করার আগে গ্রাহকেরা ছয় মাস সময় পাবেন। পাশাপাশি কিস্তি পরিশোধে নমনীয় ব্যবস্থাও থাকবে। দীর্ঘমেয়াদি আবাসন সেবার গ্রাহকেরাও এই অংশীদারত্বের আওতায় অর্থায়ন সুবিধা পাবেন। যোগ্য গ্রাহকেরা দীর্ঘমেয়াদি সার্ভিসড অ্যাপার্টমেন্ট বা ভাড়া বাসার অগ্রিম অর্থ, নিরাপত্তা জামানত (সিকিউরিটি ডিপোজিট) এবং ফ্যাসিলিটি চার্জ পরিশোধের জন্য পার্সোনাল লোন নিতে পারবেন। এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন বলেন, গ্রাহকদের জন্য প্রপার্টি খোঁজা ও নেওয়ার পুরো প্রক্রিয়াটি সহজ করাই তাঁদের লক্ষ্য। এনআরবি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ফলে বাড়ি কেনা বা দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে গ্রাহকেরা প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা সহজে পাবেন। এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রিয়াজ খান বলেন, এসিআই প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রপার্টি অর্থায়নের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে চান তাঁরা। কম সুদের হার, দ্রুত ঋণ প্রক্রিয়া ও নমনীয় পরিশোধব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা আবাসনসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। সেরেনো লেভান্দের মাধ্যমে এসিআই প্রপার্টিজ আবাসিক ভাড়া, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রপার্টি ক্রয়-বিক্রয়, করপোরেট হাউজিং ও কমার্শিয়াল স্পেসসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অলি আহাদ চৌধুরী, এসইভিপি; জাহাঙ্গীর আলম, এসএভিপি; এবং ইফতেখারুল ইসলাম, এসএভিপি। এসিআইয়ের পক্ষে ছিলেন জিয়াউল হক, ডিরেক্টর (এনআরবি বিজনেস); আমির হামজা, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন; মেজবা উল গাফফার, হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট; নাহমিদা ইয়াসমিন পিংকি, হেড অব সেলস প্রোগ্রাম অ্যান্ড ডিমান্ড জেনারেশন; এবং আহনাফ জাবি, হেড অব ডিজিটাল সেলস।

