ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা বাড়াতে রাজধানীর গুলশান-১ ডিএনসিসি মার্কেটে বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। যোগ্য সব মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআরের আওতায় আনার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. ওবায়েদ উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, গুলশান-১ ডিএনসিসি মার্কেটের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং ব্যাংকের গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণের মাধ্যমে ব্যবসায়ীদের নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করাই এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

