ব্যবসা সম্প্রসারণের নতুন কৌশল নির্ধারণ এবং গ্রাহকসেবার মান উৎকর্ষ অর্জনের লক্ষ্যে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহকে নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামুল হক খান। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। সেবা সহজীকরণ ও উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যতœশীল মনোভাব প্রদর্শনের তাগিদ দেন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ প্রদত্ত কৌশল বাস্তবায়ন ও উৎকৃষ্ট সেবা নিশ্চিতের মাধ্যমে নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা ও লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে অঞ্চলগুলোর বিভিন্ন শাখা-উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনে অংশ নেন।

