সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে ১ কোটি ৫০ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করেছে এনসিসি ব্যাংক। এই সহায়তার মাধ্যমে জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে ক্ষতিগস্ত ৫০ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। প্রত্যেক উপকারভোগীর জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম, কর্মসংস্থান প্রাপ্তিতে সমন্বয় সাধন ও আয়বর্ধক কার্যক্রমের উপকরণ, বৃক্ষরেপাণ কর্মসূচি তদারকি এবং সরাসরি আর্থিক সহায়তার সমন্বয়ে এই অর্থ ব্যবহার করা হবে। এর মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি তাদের টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলা। সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইফুল ইসলামের হাতে ১ কোটি ৫০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস এবং অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মুস্তাজিব হায়দার, শাহরিয়ার আক্তার হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আস সাকিব এবং প্রোগ্রাম অফিসার তাছমিয়া হক মৌসুমি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অপরাজিত ২৪ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবন পুনর্গঠনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট, দৃক, ভিশন আই হাসপাতাল, কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ) এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

