ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি উদ্‌যাপন করল ব্র্যাক ব্যাংক

Link Copied!

বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা (রেগুলেটর) ও অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে ‘পায়োনিয়ারিং ইমপ্যাক্ট: সেলিব্রেটিং বাংলাদেশ’স ফার্স্ট সোশ্যাল বন্ড’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি। ১ হাজার কোটি টাকা মূল্যমানের ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড’-এর পুরো অর্থ ৬৬৫ জন বিনিয়োগকারী সাবস্ক্রাইব করেছেন। তাঁদের মধ্যে ৫৯৩ জনই ব্যক্তিবিনিয়োগকারী। বন্ডটিতে বিনিয়োগকারীদের এই বিপুল সাড়া ব্র্যাক ব্যাংকের প্রতি তাঁদের আস্থা এবং সামাজিক উন্নয়নমূলক আর্থিক খাতে সাধারণ মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে। অনুষ্ঠানে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় থিম্যাটিক বন্ড কীভাবে বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে পারে এবং সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান দিতে পারে, তা উঠে আসে। ব্র্যাক ব্যাংকের ‘সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ক’-এর অধীনে ইস্যু করা বন্ডটি আন্তর্জাতিক মানদণ্ড ‘আইসিএমএ সোশ্যাল বন্ড প্রিন্সিপলস ২০২৫’ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। ফ্রেমওয়ার্কটি বিশ্বের অন্যতম বৃহৎ সেকেন্ড পার্টি অপিনিয়ন (এসপিও) প্রদানকারী সংস্থা ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’ স্বাধীনভাবে যাচাই করেছে। বন্ডটি বাসেল-৩ নীতিমালার অধীনে ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সংগৃহীত অর্থ নির্দিষ্ট সামাজিক খাতে বিনিয়োগে ব্যবহারের সুযোগ তৈরি করবে। এসব খাতের মধ্যে রয়েছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা এবং পানি ও স্যানিটেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ; কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। অনুষ্ঠানে বন্ড সাবস্ক্রিপশনে সক্রিয় অংশগ্রহণের জন্য ছয়টি ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়। ব্যাংকগুলো হলো—যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সীমান্ত ব্যাংক পিএলসি। পাশাপাশি সিটি ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রাতিষ্ঠানিক তহবিলকেও স্বীকৃতি দেওয়া হয়। করপোরেট খাতে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) এবং ডেলসি কটন স্পিনিং মিলস লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বন্ডটির শীর্ষ সাত ব্যক্তিবিনিয়োগকারীও সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি ব্র্যাক ব্যাংক এবং দেশের টেকসই অর্থায়নের যাত্রায় একটি বড় মাইলফলক। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, দেশের বন্ড মার্কেট এমন ব্যবসা ও উদ্যোগে মূলধনের জোগান দিতে সক্ষম, যেগুলো সমাজে দৃশ্যমান ও পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করে। তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের শুধু এই বন্ডের ইস্যুকারী হিসেবে দেখে না; বরং একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার ক্ষেত্রে সহযোগী হিসেবেও দেখে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, পুঁজিবাজারের সুবিধাকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সফলভাবে যুক্ত করার মাধ্যমে নতুন ধরনের আর্থিক উদ্যোগের পথ তৈরি হচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংকটি।