পাঞ্জেরী ডেস্ক
এশিয়া-ইউরোপ আন্তমহাদেশীয় ফোরামের (ASEM) দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬-১৭ অক্টোবর ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘আসেম’ভুক্ত ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মিলান সফরকালে ইতালীয় সরকারপ্রধানসহ অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্কের গভীরতা নিশ্চিত করতে ১৯৯৬ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এশিয়া-ইউরোপ মিটিং (আসেম)। প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংককে অনুষ্ঠিত হয় এর প্রথম শর্ষি সম্মেলন। ৪৯টি রাষ্ট্র ছাড়াও ‘ইউরোপিয়ান কমিশন’ ও ‘আসিয়ান সেক্রেটারিয়েট’ আসেমের সদস্য হিসেবে কাজ করছে।
দুই বছর অন্তর পালাক্রমে এশিয়া-ইউরোপে আসেম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বশেষ সম্মেলনটি হয় ২০১২ সালে লাওসে। এবার হচ্ছে ইতালিতে। এর আগে ১৯৯৮ সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি হয় যুক্তরাজ্যে। তারপর ২০০০ সালে দক্ষিণ কোরিয়ায়, ২০০২ সালে ডেনমার্কে, ২০০৪ সালে ভিয়েতনামে, ২০০৬ সালে ফিনল্যান্ডে, ২০০৮ সালে চীনে ও ২০১০ সালে বেলজিয়ামে অনুষ্ঠিত হয় আসেম শীর্ষ সম্মেলন।

