গাজীপুর প্রতিনিধি
সাবেক পরিকল্পনানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক এ কে খন্দকারকে গাজীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা বার শাখার নেতারা। এ ছাড়া এ কে খন্দকারকে প্রদত্ত মুক্তিযুদ্ধের সব খেতাব প্রত্যাহার এবং তার রচিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিষদের নেতারা।
‘বিতর্কিত’ তথ্যে ভরা দাবি করে এ কে খন্দকার রচিত বইটি প্রকাশের প্রতিবাদ জানিয়ে রোববার সকালে জেলা শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন করে আইনজীবীরা ওই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ কে খন্দকার তার সদ্য প্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন-৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জয় পাকিস্তান’ বলেছিলেন। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। দিতে রাজি হননি। মার্চের প্রথম দিকে স্বাধীনতার ঘোষণা দিলে অনেক অল্প ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ স্বাধীন হতো-এসব ইত্যাদি বক্তব্য বানোয়াট, অবিশ্বাস্য ও বিতর্কিত তথ্যে ভরা যা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিসংগ্রামে অংশগ্রহণকারী শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বই প্রকাশের প্রতিবাদে এ কে খন্দকারকে গাজীপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা বার শাখার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. আছলাম হোসেন, মঞ্জুরুল হক, আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান খান,মাসুম বিল্লাহ প্রমুখ আইনজীবীরা।

