বিনোদন ডেস্ক : গত ৫ এপ্রিল রাত ১০টা থেকে সাড়ে দশটার মধ্যে হ্যাক করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পেইজ। প্রায় ৫দিনের মাথায় শুক্রবার পেইজটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে ‘বিডি গ্রে হ্যাটস’ নামের আরেকটি হ্যাকার টিম।
হ্যাকাররা প্রথমে অপু বিশ্বাসের পেইজের অ্যাডমিন কবির হোসেন সাদ্দামের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে। তারপর ফ্যান পেইজটি আক্রমণ করে। হ্যাক হওয়ার ১৬ মিনিটের মধ্যে ১১ বার পাসওয়ার্ড আইডি পরিবর্তন করে তারা। যদিও হ্যাক হওয়ার পরপরই পেজের অ্যাডমিন তার আইডি ফিরে পান।
এদিকে পেইজ ফিরে পাওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘গত ৫ তারিখে আমার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল এডমিনের আইডি হ্যাক করে।কোন এক কু চক্র আমার পেজটি হ্যাক করেছিল। হ্যাক হবার সঙ্গে সঙ্গেই আমি আরেকটি হ্যাকার টিমকে অবহিত করি। অবশেষে গত শুক্রবার পেইজটি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। আমার পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করেছে ‘বিডি গ্রে হ্যাটস’।
উল্লেখ্য, অপু বিশ্বাসের পাশাপাশি একই সময়ে চিত্রনায়ক শাকিব খানের ফেসবুক পেইজটিও হ্যাক করা হয়। শিগগিরই এই পেইজটিও উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে।

