সময়ের পরিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে কাঠের ঘানিতে বানানো খাটি সরিষার তেল। গ্রামবাংলার অতি পরিচিত দৃশ্যটি এখন আর খুব একটা চোখে পড়ে না। বৈদ্যুতিক যন্ত্রেই করা হচ্ছে তেল ভাঙ্গানোর কাজ। তবে সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী এই পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
রোববার (৩০ আগস্ট) ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেইজে সরিষার তেল তৈরির ছবি পোস্ট করে ঐতিহ্যবাহী এই পদ্ধতির প্রশংসা করেছেন তিনি।
ছবির ক্যাপশনে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লেখেছেন, ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগলো।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্রিস্টেনসেন একটি গ্রামের ঐতিহ্যবাহী ঘানি ঘরে গিয়ে ঘানির ঘূর্ণন এবং তেল নিষ্কাশনের কৌশল প্রদর্শন করছেন। কাঠের তৈরি বিশাল এ ঘানিতে একটি ঘোড়াকে গোল হয়ে ঘুরিয়ে সরিষা পেস্ট করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিশুদ্ধ সরিষার তেল তৈরি করা হচ্ছে।
পরিদর্শনের সময় কারিগররা ঘানি চালনার নানা কৌশল ও তেল নিষ্কাশনের দীর্ঘদিনের ঐতিহ্য তুলে ধরেন রাষ্ট্রদূতকে। পরে ঘানি থেকে সদ্য নিষ্কাশিত খাঁটি সরিষার তেল একটি কাচের বোতলে ভরে প্রদর্শন করা হয়।
আধুনিক যন্ত্রপাতির দাপটে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই লোকজ ঐতিহ্য ও হস্তশিল্প সরাসরি দেখে মার্কিন রাষ্ট্রদূত গভীর আগ্রহ ও প্রশংসা করেন।

