ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় খাস জমি বরাদ্দের আশ্বাস ভূমিমন্ত্রীর

Link Copied!

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলের স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানোরও প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এজন্য নতুন রাস্তার পাশে কিংবা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।

সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। এর আগে মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন ভূমিমন্ত্রী। তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন জায়গাটিও রয়েছে। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি সভায় তুলে ধরা হয়।

পরিদর্শনকালে জাগো ফাউন্ডেশনের স্কুলের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।