স্পোর্টস ডেস্ক: আইপিএলে খেলতে গিয়েছিলেন মাত্র দুই ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই দুই ম্যাচ খেলার পরই পাকিস্তান সিরিজের জন্য আবার দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামার কথা রয়েছে তার।
১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ সিরিজ। ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে পূর্ণাঙ্গ এই সিরিজটি। সিরিজে অংশ নেওয়ার জন্য আইপিএলে মাত্র দু’ম্যাচ খেলার জন্য সাকিবকে ছাড়পত্র দেয় বিসিবি। সে হিসেবে গতকালই (শনিবার) আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে গেইল তাণ্ডবের সামনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে তিন উইকেটে হারতে হয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে। দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ব্যাট করতে নামা লাগেনি। দ্বিতীয় ম্যাচে নামতে পারলেও রান আউট হয়ে ফিরে যান কোন রান না করেই।
আগামীকালই (সোমবার) বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। সফরে তিনটি ওয়ানডে, একটি টি২০ এবং ২টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সুযোগ পেলে আইপিএলে শেষ একটি কিংবা দুটি ম্যাচ খেলার জন্য আবারও ভারত যেতে পারেন সাকিব।

