স্পোর্টস ডেস্ক : তিনি যেদিন ব্যাট করবেন সেই দিন তার ব্যাটে তাণ্ডব ঘটবে, এটা তো জানা কথাই। শনিবার ঘটলও তাই। ইডেন দেখল ক্রিস গেইলের দানবীয় ক্রিকেট। মাত্র ৫৬ বলে ৯৬ রান করে দলকে জেতালেনই না, ক্রিকেট-বিশ্বকে জানিয়ে দিলেন, তিনি আছেন স্বমহিমায়। গেইলের এই ঝড়ে স্রেফ উড়ে গেল নাইট রাইডার্স।
সাত বছর আগে ইডেনই ছিল তার ঘরের মাঠ। ব্যাট হাতে প্রথম ঝড় তুলেছিলেন নাইট রাইডার্সের জার্সি গায়েই। সেই ক্রিস গেইল শনিবার হতাশ করলেন কেকেআর সমর্থকদের। তবে, গেইলের চওড়া ব্যাটের ঝলকানি দেখতে কখনওই ক্লান্ত হন না ক্রিকেটপ্রেমীরা। তাঁর ‘গ্যাংনাম স্টাইল’ ডান্সের ভক্ত গোটা দুনিয়া। আইপিএল-এর দুরন্ত শুরু করে বুঝিয়ে দিলেন দলের কাছে তিনি কতটা অপরিহার্য।
ম্যাচ শেষে ক্লাম্ত শরীরটা যেন ডাগ আউটের চেয়ার থেকে তুলতে পারছিলেন না গেইল। টিভির দুই মহিলা প্রডিউসার হাত দিয়ে টেনে তুললেন গেইলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। তার বুকে কোথায় হারিয়ে গেলেন যেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসে গেইল তার ম্যাচ জেতানো ইনিংসটি উৎসর্গ করলেন মাকে।
‘মা টিভিতে ম্যাচটা দেখেছে। আমি মাকে এই ইনিংস উৎসর্গ করছি। মা তোমার জন্য এই ইনিংসটা।’ একটা সময়ে তিনি শেষ মুহূর্তে রানআউট হয়ে যাওয়ায় ম্যাচটা কঠিন হয়ে গেছিল একটুর জন্য। গেইলের কোনও বিকার নেই! হাসছেন, ‘দারুণ ম্যাচ হল। সত্যি উপভোগ্য ক্রিকেট। আমি একটা দিক ধরে রাখার চেষ্টা করেছিলাম। অন্যদিক থেকে উইকেট পড়ে গেলেও আমি জানতাম আমি থাকলে কিছু একটা করার চেষ্টা করব। শেষ পর্যম্ত আমরা ম্যাচটা জিতলাম। সত্যি দারুণ ক্রিকেট খেলা হল।’
নিজেকে কোনও কৃতিত্বই দিতে চাইলেন না গেইল। ‘সবাই মিলে জিতেছি। এটাই টি২০-র মজা। এরপর আমরা ব্যাঙ্গালুরুর আমাদের ঘরের মাঠে খেলব। দারুণ মজা হবে সেখানে।’ বিন্দাস গেইল!

