কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ফস্টারিং এন্ড এনডুরিং অ্যা কালচার অফ কমপ্লায়েন্স ফর সাসটেইনেবল বিজনেসˮ প্রতিপাদ্য নিয়ে বার্ষিক “এএমএল এন্ড সিএফটি কনফারেন্স ২০২৬” আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
২২ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ইকতিয়ারুদ্দিন মোঃ মামুন। তিনি তার বক্তব্যে মানি-লন্ডারিং-এর বিরাজমান চ্যালেঞ্জ, সচেতনতার গুরুত্ব এবং রিপোর্টিং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে তিনি বিএফআইইউ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভার আহ্বায়ক ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং এসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অফ ব্যাংকস্ ইন বাংলাদেশ (আকব) এর চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল এইচ মোল্লা।
বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোঃ রোকন-উজ-জামান এবং যুগ্ম পরিচালক শাহালাম কাজী কনফারেন্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এবং সাম্প্রতিক টাইপোলজি ও কেস স্টাডি সহ ক্রেডিট-বেজ্ড মানি লন্ডারিং এবং ট্রেড-বেজ্ড মানি লন্ডারিং এর উপর পৃথক দুটি আলোচনা উপস্থাপন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং শাখা, ডিভিশন, সেন্টার ও ইসলামিক উইন্ডোর কর্মকর্তাবৃন্দ এবং এজেন্ট সহ প্রায় ৩০০০ জন অংশগ্রহণকারী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এতে যোগদান করেন।

