চারপাশে তখন উত্তেজনা, আর জাহাজের ভেতরে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নাবিকেরা। বাইরে থেকে ভেসে আসছে গুলির শব্দ, সঙ্গে রকেটচালিত গ্রেনেড ছোড়ার দৃশ্য। হরমুজ প্রণালির সেই আতঙ্কের মুহূর্তের ভিডিও এখন প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, হামলার মুখে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ভেতরে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন ২১ জন ভারতীয় নাবিক।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করেছে ভারতের নাবিকদের সংগঠন দ্য ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)।
ঘটনাটি গত ২২ এপ্রিল হরমুজ প্রণালিতে ঘটেছে বলে জানিয়েছে সংগঠনটি। এ সময় জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিক নিরাপদে ছিলেন এবং হামলায় কেউ আহত হননি বলেও জানায় ভারতের নৌপরিবহণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ঘটনার সময় হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ছিল। একপর্যায়ে কয়েকটি নৌযান পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজটিকে ঘিরে ফেলে। এসব নৌযান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত করা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। একপর্যায়ে জাহাজকে নিশানা করে গুলি ছোড়া হয়। একই সঙ্গে, রকেটচালিত গ্রেনেড ছোড়ার দৃশ্যও দেখা যায়। এ সময় আতঙ্কে জাহাজের ভেতরে আশ্রয় নেন নাবিকেরা।

