ঢাকার রমনা মেট্রোপলিটন থানাধীন ফরচুন শপিংমল দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করতে না পারায় সমবায় আইন অনুযায়ী ৩ সদস্যের একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিয়েছে রমনা মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সমিতিটির ঠিকানা ৪১, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, শান্তিনগর, রমনা, ঢাকা। সমিতির মোট ৬৪ জন সদস্যের মধ্যে ৫১ জন সদস্যের উপস্থিতিতে গত ৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে সমিতির আহ্বায়ক মোঃ শামিম হোসেন ২২ জুলাই ২০২৬ তারিখে আবেদন করেন। আবেদনটি পর্যালোচনা করে সমবায় আইন, ২০০১ (সংশোধন ২০০২ ও ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে ৩ সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কমিটিতে মোঃ শামিম হোসেনকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন নাসির উদ্দিন দুলাল। মোহাম্মদ বদরুল আলম সবুজ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এন আবদুল্লা উজ্জল। প্রজ্ঞাপনে তাদের সদস্য নম্বর যথাক্রমে ৪৭, ২৮ ও ৪৬ হিসেবে উল্লেখ করা হয়েছে। সমবায় কার্যালয়ের আদেশ অনুযায়ী, নতুন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ নিয়োগের তারিখ থেকে ১২০ দিন কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কমিটিকে সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্ধারিত মেয়াদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি/সম্পাদককে দ্রুত সমিতির দায়িত্ব নবনিযুক্ত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।

