ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কৃষিপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম অঙ্কুরের উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেড।
ট্রাস্ট ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন শুরিদ ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারত্বের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে।

