বিনোদন ডেস্ক : নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চতুর্থ ছবি ‘সম্রাট : the king is here’ এ শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের আঞ্চলিক অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।
‘সম্রাট’ ছবিতে নাম ভূমিকায় করবেন শাকিব খান। আর রাজা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল। তাদের দু’জনের সঙ্গেই জুটি বাঁধবেন অপু বিশ্বাস।
ছবিটি প্রসঙ্গে শাকিব বলেন, ‘রাজ আমার ছোট ভাইয়ের মতো। আমরা একসঙ্গে কাজর পরিকল্পনা করছিলাম দীর্ঘদিন ধরে। সম্রাট-এর মতো গল্প আর চরিত্র দিয়ে সে সুযোগ তৈরি হওয়ায় আমি খুশি।’
রাজ বলেন, ‘তিনি এখন দেশের এক নম্বর সুপারস্টার। তাই সম্রাট চরিত্রে তাকে ছাড়া অন্য কারও কথাই ভাবিনি। আর সম্রাটের প্রতিদ্বন্দ্বী রাজার ভূমিকায় এমন একজনকে চেয়েছিলাম যার মধ্যে একই সঙ্গে সুদর্শন ও অভিনয় করার গুণ আছে। এ চরিত্রের জন্য ইন্দ্রনীলই উপযুক্ত। তাই তাকে নিয়েছি। আর অপু বিশ্বাস দেশের মূলধারার বাণিজ্যিক ধারার অনেক ব্যবসাসফল ছবির নায়িকা। তিনজনকে নিয়ে দারুণ একটা ছবি দর্শকদের উপহার দিতে পারবো আশা রাখি।’
অপু বলেন, ‘রাজের পরিচালনায় কাজ করার ইচ্ছে ছিলো। অবশেষে তার ছবি হাতে পেয়েছি। শাকিব খানের সঙ্গে অামার অনেক ব্যবসাসফল ছবি আছে। আর ইন্দ্রনীলের সঙ্গে এবারই প্রথম কাজ করবো। সব মিলিয়ে ছবিটা নিয়ে আমি আশাবাদী।’
মিশা সওদাগর, আলীরাজ সহ আরো অনেকেই এ ছবিতে অভিনয় করবেন। ‘সম্রাট’-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন।
রাজ এর আগে ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ ছবি তিনটি নির্মাণ করেছিলেন।

