বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে এসেছেন নন্দিত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। অ্যালবামটির নাম ‘বেঁধেছি আমার প্রাণ’। ১২ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উম্মেচন করা হবে। এতে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত থাকবেন নাট্য ব্যাক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজুমদার, জিরোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও এমকে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, জিরোনা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শুভজিৎ রায়, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জেবিন মাহবুব প্রমুখ।
ব্র্যাক ব্যাংক নিবেদিত ‘বেঁধেছি আমার প্রাণ’ অ্যালবামটি প্রকাশ করছে জিরোনা বাংলাদেশ। এতে রবীন্দ্রনাথের ৮টি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। গানগুলোর শিরোনাম ‘আমার পরাণ যাহা চায়’, ‘আমি চিনি গো চিনি’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘ভালবেসে সখী’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’, ‘পরনো সেই দিনের কথা’ এবং ‘মনে দি দ্বিধা’। নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
অ্যালবামটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘বিভিন্ন সময় অনেক শিল্পীর রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছি। আমার নিজেরও অনেক দিনের ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম বের করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করেছি মূল সুরের সঙ্গে সঙ্গতি রেখে গানগুলো গাওয়ার। সংগীতায়োজনও করেছি খুব যত্ন নিয়ে। বাকীটা শ্রোতারা শুনেই বিচার করবেন।’
বাপ্পা আরো বলেন, ‘আমার মায়েরও খুব ইচ্ছা ছিল আমি যেনো একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করি। উনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন। অ্যালবামটি আমি বাবা-মা দুজনকে উৎসর্গ করছি।’
বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশেষভাবে পাওয়া যাচ্ছে রকমারী ডট কম এবং দেশালের সবগুলো শোরুমে।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই জিরোনা বাংলাদেশ থেকে প্রকাশ পায় বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম ‘জানি না কোন মন্তরে’। এরপর কলকাতা থেকেও অ্যালবামটি প্রকাশ পায়।

