বিনোদন ডেস্ক : বাংলা বর্ষপঞ্জি থেকে আরও একটি বছর বিদায় নিতে যাচ্ছে। তাই সর্বত্র চলছে ১৪২২ সালকে বরণ করে নেয়ার আয়োজন। বৈশাখের এই আনন্দঘন মুহুর্তে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শ্লোগান নিয়ে মেতে উঠবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিও।
বাংলা ১৪২২ সালকে বরণ করে নিতে চারদিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের প্রথম তিনদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় চিত্রশালায় চলবে শিশু-কিশোর ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ‘আলপনা কর্মশালা’। ১৩ এপ্রিল বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ঘুড়ি উৎসব’ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষ ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বর্ষবরণের নানা আয়োজন। এতে থাকছে জাতীয় সংগীত, বাউল উৎসব, লাঠিখেলা, রায়বেশে, সঙযাত্রা, ধামাইল, যাত্রাপালা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, শিশুদের জন্য ঘোড়ার গাড়ি চক্কর, সংগীত, নৃত্য ও বিভিন্ন নাট্য দলের অংশগ্রহণে কোরিওগ্রাফি।

