বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিশা গাঙ্গুলি আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ফ্ল্যাট থেকে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এদিকে দিশার মৃত্যুর খবর শুনে তারই এক বান্ধবী ও অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জিও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র রহস্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমকি ভাবে জানা যায়, সিরিয়ালে অভিনয় করতে গিয়ে দুজনের পরিচয়। সেখান থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সমাজ, পারিবারিক চাপে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। সেখান থেকেই আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী দিশা গাঙ্গুলি। আর এই খবর শুনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুচন্দ্রা ব্যানার্জিও।
‘বউ কথা কও’ নামে একটি সিরিয়ালে নায়িকার বান্ধবীর ভূমিকায় অভিনয় করে দিশা প্রথম পরিচিতি পান। এর পর ‘কনকাঞ্জলি’, ‘মৌচাক’, ‘অদ্বিতীয়া’-র মতো জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছেন তিনি। বর্তমানে দিশা ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে অবসাদগ্রস্ত পুত্রবধূর ভূমিকায় অভিনয় করছেন।
দিশা বেহালার পর্ণশ্রী এলাকায় নিজের ফ্ল্যাটে থাকতেন। তার সঙ্গে প্রায় নিয়মিতই থাকত তার বান্ধবীও। দিশার অভিভাবকরা অবশ্য এটা পছন্দ করতেন না। যদিও দিশার বাবা-মা থাকেন আফ্রিকায়।
বৃহষ্পতিবার দিশার লাশ উদ্ধার করে তারই এক বন্ধু। তিনিই প্রথম থানায় খবর দেন। এই বন্ধুটির সঙ্গে দিশার বিয়ে দিতে আগ্রহী ছিলেন দিশার বাবা। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে ইডেনে তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গিয়েছিলেন দিশা। খেলা শেষে ওই বন্ধুর বাড়িতে গিয়ে রাতের খাবার খান। এরপর ওই বন্ধুই দিশাকে তার পর্ণশ্রীর ফ্ল্যাটে পৌঁছে দেন। গভীর রাত পর্যন্ত দু’জনের কথাও হয়।
পুলিশ জানায়, ওই যুবক সকালে দিশাকে আবারো ফোন করেন। কিন্তু ফোন না ধরায় সন্দেহ হয় তার। এর পরপরই তিনি দিশার ফ্ল্যাটে ছুঁটে যান। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করা সত্ত্বেও ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই যুবক। তখনই তার নজরে পড়ে, ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে দিশার লাশ। লাশ উদ্ধারের পর দিশাকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ঘটনার পেরপরই দিশার বাবা-মাকে খবর দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দিশার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এমন কি তার ঘর থেকে কোন সুইসাইড নোটও পাওয়া যায় নি।

