স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেটে লিগে এক অনন্য ও নান্দনিক ইনিংস উপহার দিলেন সালমা খাতুন। বাংলাদেশ জাতীয় প্রমীলা দলের অধিনায়ক মাত্র ৮৬ বলে ১৫০ রানের হার না মানা ইনিংস উপহার দেন।
মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের ম্যাচে শুক্রবার ওরিয়্যান্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনি এই অতিমানবীয় ইনিংস খেলেন। সালমার ইনিংসটি ২৬টি চারে সাজানো ছিল। তার সঙ্গে সেঞ্চুরি তুলে নেন ইতি মণ্ডল। এই দুজনের অসাধারণ পারফরমেন্সের পর বোলারদের নৈপুণ্যে ৩১৬ রানের বড় জয় দিয়ে শুভ সূচনা করে মোহামেডান।
মাত্র ২৭ বলে অর্ধশতক করা সালমা সেঞ্চুরি করতে খেলেন ৬০ বল। হাফ সেঞ্চুরি করতে ১০টি চার মারেন তিনি। ১৭টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন মহিলা দলের এই অধিনায়ক।
এদিন সালমার সঙ্গে সেঞ্চুরি তুলে নেন ইতি মণ্ডলও। ১২২ বলে ১২৪ রান করে এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। তার ইনিংসটি ১৩টি চারে সাজানো ছিল।
মোহামেডান দল ৬৬ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে সালমা ও ইতি মিলে ২৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নির্ধারিত ৪০ ওভারে দলকে ৩৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
জবাবে রুমানা আহমেদ ও তাহিন তাহিরার বোলিং তোপে পড়ে ২০.১ ওভারে মাত্র ৩৩ রানে ৯ উইকেট হারায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। সাবরিনা সুলতানা ব্যাট করতে না নামায় এখানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৩১৬ রানের লজ্জাজনক হার সঙ্গী হয় ওরিয়েন্টের।
মোহামেডানের হয়ে রুমানা ৩টি ও তাহিরা নেন ২টি উইকেট। ওরিয়েন্টের হয়ে কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। দিলারা আক্তার দৌলার ব্যাট থেকে সর্বোচ্চ ৫ রান আসে। অতিরিক্ত খাত থেকে আসে ১৩ রান।
প্রথমবারের মতো আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ও আবাহনী-সহ ১২টি দল অংশ নিয়েছে। মহিলা ক্লাব ক্রিকেটের আগের ছয়টি আসর পরিচিত ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ নামে।

