ঢাকাThursday , 23 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৮

Link Copied!

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে দালাল চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মধ্যে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) এবং বাবুল হোসেনকে (৩৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।

আনসার জানায়, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল একটি দালাল চক্র। দায়িত্বরত আনসার সদস্যদের নজরে বিষয়টি এলে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম ও এপিসি আল মিজানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দালাল চক্রের আট সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি রোধ, দালালচক্রের অপতৎপরতা দমন এবং স্বচ্ছ ও নির্বিঘ্ন সেবার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।