নিজস্ব প্রতিবেদক: বেলারুশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক রাষ্ট্রীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান (ডেপুটি মিনিস্টার) পিটার বালট্রুকভিচ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (ইউরোপ) মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেলারুশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় ও গবেষণা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাবির বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের উন্নয়নে ও বিকাশে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন বেলারুশের ডেপুটি মিনিস্টার।
ঢাবিতে আসার জন্য এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহের জন্য পিটার বালট্রুকভিচকে ধন্যবাদ জানান আরেফিন সিদ্দিক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা যেতে পারে, যা দেশের সার্বিক উন্নয়নকে বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবে।

