ফেনী প্রতিনিধি: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। যানজটে আটকা পড়ে শতাধিক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে।
বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি প্রথম পত্র ও আলিম শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে অধিকাংশ পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে।
পরীক্ষার্থীরা জানান, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকায় কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে। সকাল পৌনে ১০টার আগে কেন্দ্রে প্রবেশ করার নিয়ম থাকলেও তারা ১০টার পরে প্রবেশ করেছে।
মহসড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করে গাড়িযোগে আসতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের পায়ে হেটে আসতে দেখা গেছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
ফেনী সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রওনক জাহান, শামীমা ইয়াছমিন লিবা, সাজিয়া, নিপা, নাঈমা ও জেরিন জানান, তারা সকাল ৯টা থেকে মহসড়কের লালপুলে আটকা পড়ে ছিলেন। পরে কোনো উপায় না দেখে হেটে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন। শহরের প্রবেশমুখে দাউদপুর ব্রিজ (কাঁচা বাজার), বড় মসজিদ সড়কের সামনে পুনরায় তারা যানজটে আটকা পড়েন।
ফেনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী হাবিবুর রহমান কিরণ জানান, মহাসড়কে যানজটে আটকা পড়ে পায়ে হেটে শহরে আসতে হয়েছে।
মিল্টন নামে এক অভিভাবক জানান, ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় পরীক্ষাদের কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে। মহসড়কে যানজট লাগাটাই স্বাভাবিক। অথচ শহরের বিভিন্ন সড়কে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে মালবাহী ট্রাক রাখা হয়েছে। যার ফলে শত শত পরীক্ষার্থীর চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের দিন পরীক্ষার্থীরা বিলম্বে কেন্দ্রে পৌঁছার কারণে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে।
তবে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছালেহ আহম্মদ পাঠান মহাসড়কে যানজটের কথা অস্বীকার করে জানান, পরীক্ষা শুরুর আগেই যানজট নিরসন করা হয়েছে। এখন (সকাল সাড়ে ১১টা) যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মো.বজলুর রহমান জানান, মহামড়কে যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে শহরে ট্রাফিক পুলিশ ছিল না। সে কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ হয়েছে। সবাই মহাসড়কে ডিউটি করছে। একদিকে অবরোধ অন্যদিকে হরতালের কারণে মহাসড়কে বাড়তি ডিউটি করতে হচ্ছে।

