লিওনেল মেসির বয়স যেন শুধু একটি সংখ্যা মাত্র। ৩৯ বছর বয়সেও আর্জেন্টাইন অধিনায়ক প্রমাণ করে চলেছেন, আধুনিক ফুটবলে সৃজনশীলতা, গোল করার ক্ষমতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ-সবকিছুর কেন্দ্রবিন্দু এখনও তিনি।
গোল থেকে শুরু করে সুযোগ তৈরি, শট, থ্রু বল কিংবা সফল ক্রস-প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক পরিসংখ্যানে তিনি এককভাবে কিংবা যৌথভাবে টুর্নামেন্টের সবার ওপরে অবস্থান করছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত আক্রমণভাগের প্রায় সব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে আধিপত্য দেখিয়েছেন।
এখন পর্যন্ত টুর্নামেন্টে এমবাপের সমান মেসির গোল সংখ্যা ৮, যা তাকে সর্বোচ্চ গোলদাতাদের একজন করে তুলেছে।
শুধু গোল করাই নয়, প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি চাপও তৈরি করেছেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৩টি শট নিয়ে এই তালিকায়ও শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সতীর্থদের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রেও মেসির জুড়ি নেই। তিনি সৃষ্টি করেছেন ২১টি গোলের সুযোগ, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। এর মধ্যে ৬টি ছিল বিগ চান্স, অর্থাৎ নিশ্চিত গোল করার মতো সুযোগ।
উইং থেকে বল বাড়ানোর ক্ষেত্রেও মেসি দারুণ কার্যকর। তার সফল ক্রসের সংখ্যা ১৭, যা বিশ্বকাপে সর্বোচ্চ। পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণ চিরে দেওয়া ১৫টি সফল থ্রু বল দিয়েও তিনি সবার ওপরে অবস্থান করছেন।
অর্থাৎ, গোল করা থেকে শুরু করে আক্রমণ গড়ে তোলা, প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগেই লিওনেল মেসি এখনও বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারদের একজন। মাঠে তার উপস্থিতি শুধু আর্জেন্টিনার আক্রমণকে ধারালোই করছে না, বরং পরিসংখ্যানেও তুলে ধরছে কেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

