ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সৌন্দর্যবর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। এছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮টি নার্সারির মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

