শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে ঢাকা-১৩ সংসদীয় আসনের আওতাধীন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ এমপি, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) চালু করার পরিকল্পনা নিয়েছে। ২০২৭ সালের শুরুতে নতুন কারিকুলামের ধারণা তুলে ধরা হবে এবং একই বছরের মাঝামাঝি সময় থেকে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সভায় থানা শিক্ষা কর্মকর্তা নতুন শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনের প্রক্রিয়া বিস্তারিতভাবে উপস্থাপন করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষক নিয়োগের বিকল্প নেই। নবোদয় প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়ে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সহজ শর্তে নিবন্ধন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন। উন্মুক্ত আলোচনায় বন্ধন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও যখন প্রশিক্ষণের আওতায় আসবেন, তখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিষয়ভিত্তিক ট্রেইনার পুল গঠনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা উচিত। মতবিনিময় সভায় আদাবর থানা ছাত্রদলের সভাপতি নয়ন এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি বাশারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যাহ্নভোজের প্যাকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

