ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ‌‘যৌক্তিক স্থানে’ উপজেলা কার্যালয় স্থাপনের দাবিতে সড়ক অবরোধ

Link Copied!

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা কার্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হেয়াঁকো এলাকায় এ কর্মসূচি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিল।

বিক্ষোভকারীরা দাবি করেন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং জনসেবার বিষয় বিবেচনায় একটি যৌক্তিক স্থানে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় স্থাপন করতে হবে।

মানববন্ধনের পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াঁকো এলাকায় অবস্থান নেন। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট রাসেল আহমদ ভূঁইয়া বলেন, অতীতে ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের নেতাদের প্রভাবে ভূজপুরে থানা স্থাপন করা হয়েছিল। এবারও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপনের চেষ্টা চলছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সেখানে সদর দপ্তর স্থাপন করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।