নিজস্ব প্রতিবেদক: শ্রেণীকক্ষ ও ল্যাব সঙ্কট নিরসনের দাবিতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিতে এখনও অনঢ় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল রোববার থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী চালিয়ে যাচ্ছে। আগের দিন শুরু হওয়া এ পাল্টাপাল্টি কর্মসূচীতে রবিবার দিবাগত রাতেও অবস্থান করে শিক্ষার্থীরা।
এদিকে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্থান সঙ্কুলান বিষয়ে উল্লেখিত তিনটি বিভাগের মধ্যে যে অচলাবস্থা তৈরী হয়েছে তা নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যেগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ সমূহকে স্ব স্ব বিভাগে ফিরে একাডেমিক কাজে মনোনিবেশ করার জন্য অনুরোধ করা হলো।
পরিবেশ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজ সোমবার বিকাল পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলন করে জানানো হয়, তাদের জন্য বরাদ্দকৃত ভবন হস্তান্তর না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচী চালিয়ে যাবে। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক জামাল উদ্দীন জানান, সিন্ডিকেট সভার অনুমোদনক্রমেই আমরা বরাদ্দকৃত ঐ ভবনের তৃতীয় তলা বুঝে নিতে এসেছিলাম। কিন্তু ঐ ভবনে অবস্থিত দুটি বিভাগের পক্ষ থেকে আমাদের বাধা প্রদান করা হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরীফ উদ্দিন বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের বিভাগের সামনে অবস্থান করছি। প্রশাসন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।
এদিকে উদ্ভুত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষক সমিতির সঙ্গে এক জরুরী বৈঠক করেছেন বলে জানা গেছে।

