রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
পূর্বঘোষিত ১ ও ৩ মে তারিখের পরিবর্তে আগামী ৫ ও ৬ মে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ মে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সভাপতিত্বে কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ মে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ‘বি’ ইউনিট ও বিকাল সাড়ে ৩টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ৬ মে সকাল সাড়ে ৯টায় ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ‘ই’ ইউনিট ও বিকাল সাড়ে ৩টায় ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে(www.brur.ac.bd/ www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে আগামী ১৫ এপ্রিল থেকে তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, এবছর ৬টি ইউনিটের অধীনে ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ৯০ হাজার ৪০২জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

