দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে বাছাই কমিটি করেছে সরকার।
সোমবার (২২ জুন) ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৭ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিবকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।
বাছাই কমিটিকে দুদক কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কাজে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।
গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন। কমিশন না থাকায় দুদকের কাজে-কর্মেও নেমেছে স্থবিরতা।

