স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হলেও ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। এই ড্যাশিং বাঁ-হাতি ব্যাটসম্যানের বাবা বিশ্বকাপ দল থেকে যুবরাজের বাদ পড়া নিয়ে ফের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিতে কঠোর আক্রমণ করে বসেন।
এর আগেও বেশ কয়েকবার ধোনিকে নিয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন যুবরাজের বাবা যুগরাজ সিং। তিনি বারবার বলে আসছেন, ধোনির কারণেই তার ছেলে ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলে জায়গা পাচ্ছেন না।
তবে এবার এক ধাপ এগিয়ে ভারতীয় অধিনায়ককে কঠোর আক্রমণ করে বসেন যুগরাজ সিং। এমনকি ধোনি একদিন ‘নিঃস্ব, অসহায়’ হয়ে যাবেন বলেও অভিশাপ দেন তিনি। তিনি জানান, ধোনির জনপ্রিয়তা মিডিয়ার সৃষ্টি। ভারতীয় অধিনায়ক এত জনপ্রিয়তার যোগ্য নন, তাকে তুলে ধরার জন্য যুবরাজের বাবা মিডিয়াকেই দোষারোপ করলেন।
যুবরাজের বাবা যুগরাজ কঠোর আক্রমণ করে বসেন ধোনিকে। ভারতীয় অধিনায়ককে রামায়নের ‘খলনায়ক’ রাবনের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, ‘ধোনি অহংকারী। যেভাবে রাবনের অহংকারের পতন ঘটেছে, ঠিক তেমনি ধোনির গর্বও একদিন চূর্ণ হবে। সে নিজেকে রাবনের চেয়েও বড় মনে করে। আমি জীবনে তার মতো ভয়ঙ্কর লোক আর দেখিনি।’
ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ শিরোপ জেতা এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাড়ি ফিরে। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের উদাহরণ টেনে এনে যুগরাজ সিং ধোনিকে কাঠগড়ায় দাঁড় করান।
তিনি বলেন, ‘২০১১ বিশ্বকাপের ফাইনালে যুবরাজ ব্যাটিং করতে নামার সময়ে সে তাকে থামিয়ে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে যায়। ম্যাচজয়ী ইনিংস খেলে সে ‘হিরো’ বনে যায়। এবার সে কেন সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ নম্বরে না নেমে ৬ নম্বরে নেমেছে? সে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন ৪ নম্বরে নেমে দলকে জেতানোর চেষ্টা করেনি?’
ধোনিকে অভিশাপ দিয়ে যুবরাজের বাবা বলেন, ‘এমন একদিন আসবে যখন ধোনি নিঃস্ব, অসহায় হয়ে পড়বে, কারো কাছে কোনো পাত্তা পাবে না।’
এর আগেও ছেলের বাদ পড়া নিয়ে ধোনির কঠোর সমালোচনা করেছিলেন যুবরাজের বাবা যুগরাজ সিং। তবে সে সময় যুবরাজ তার বাবার মতামতের সঙ্গে একমত নন বলে জানান।

