স্পোর্টস ডেস্ক : ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’র (আইপিএল) চেয়ারম্যান নিযুক্ত হলেন রাজিব শুক্লা। দুই বছর পর মিলিয়ন ডলারের চেয়ারম্যান পদে ফিরলেন এই কনগ্রেস নেতা। এছাড়া গভর্নিং কাউন্সিলে জায়গা করে নিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড’র (বিসিসিআই) সাবেক সহ-সভাপতি ২০১৩ সাল পর্যন্ত আইপিএলের চেয়ারম্যান ছিলেন। তবে সে বছর ‘স্পট ফিক্সিং’ কেলেংকারির জের ধরে পদত্যাগ করেন তিনি।
বেশ কয়েকদিন ধরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে- কে হবেন আইপিএলের চেয়ারম্যান। এই তালিকায় সৌরভ গাঙ্গুলি, রঞ্জিব বিশ্বাস-সহ বেশ কয়েকটি নাম বেশ উচ্চারিত হয়। তবে আইপিএলের উদ্বোধনের একদিন আগে সোমবার রাজিব শুক্লা’কেই চেয়ারম্যান হিসেবে বেছে নেয়া হয়।
সৌরভ গাঙ্গুলির পাশাপাশি ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও গভর্নিং কাউন্সিলে রয়ে গেছেন। এছাড়া সন্দিপ পাতিলকে আগের দায়িত্বে বহাল রাখা হয়েছে।
নতুন কমিটিতে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে অনিল কুম্বলে পুনঃনির্বাচিত হয়েছেন। ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
মার্কেটিং কমিটির প্রধান নির্বাচন করা হয় চেতন দেশাইকে। অপরদিকে গোকারাজু গঙ্গারাজু ট্যুর ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বরুপ দে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।
স্পট-ফিক্সিংয়ের স্মৃতি এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে আইপিএলকে। মঙ্গলবার থেকে শুরু হতে চলা মিলিয়র ডলারের টুর্নামেন্টকে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন করাটাই বড় চ্যালেঞ্জ। সেটা ভালো করেই জানেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।

