ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

Link Copied!

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিসিএসে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে। ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মো. আব্দুল বারী আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে জানান তিনি।